সম্পাদকীয় :টেকনাফের গহিন পাহাড় থেকে শুরু করে বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি—পুরো উপকূলীয় অঞ্চলজুড়ে যেন এক অঘোষিত মরণফাঁদ পেতে বসেছে মানবপাচারকারী চক্র। চাকরির প্রলোভন, উন্নত জীবনের মিথ্যা স্বপ্ন কিংবা সরাসরি অপহরণের মাধ্যমে সাধারণ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের জিম্মি করে যেভাবে সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচার করা হচ্ছে, তা কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিকেই নির্দেশ করে না, বরং রাষ্ট্রের নজরদারি ও প্রশাসনিক সক্ষমতার চরম ব্যর্থতাকেও নগ্নভাবে প্রকাশ করে।
সম্প্রতি টেকনাফের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে, এই পাচারকারী চক্রগুলো এখন আর নিছক দালাল বা চোরাকারবারি নয়; তারা রীতিমতো সশস্ত্র ও বেপরোয়া বাহিনীতে পরিণত হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানোর মতো দুঃসাহস তারা কোথা থেকে পায়? দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় পাহাড়ে গোপন আস্তানা গড়ে তুলে সাধারণ মানুষকে বন্দি রেখে সাড়ে তিন থেকে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করা হচ্ছে, অথচ গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন কার্যত নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে এসেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচ্ছিন্ন কিছু অভিযানে মাঝেমধ্যে কিছু ভুক্তভোগী উদ্ধার হলেও পাচারের মূল হোতারা সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। গত এক যুগে কক্সবাজার জেলায় মানবপাচারের অভিযোগে সাড়ে চার শতাধিক মামলা দায়ের হলেও কয়টি মামলার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হয়েছে, সেই প্রশ্ন আজ জনমনে তীব্র। বিচারহীনতার এই দীর্ঘ সংস্কৃতিই পাচারকারীদের কৌশল বদলে আরও বেপরোয়া হয়ে ওঠার প্রধান জ্বালানি হিসেবে কাজ করছে।
জাতিসংঘের তথ্যমতে, বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নেওয়া প্রতি সাতজনের একজনই প্রাণ হারাচ্ছেন বা নিখোঁজ হচ্ছেন। সাগরে ভাসমান ট্রলারে তৃষ্ণা, ক্ষুধা আর উত্তাল ঢেউয়ে তলিয়ে যাওয়া প্রতিটি প্রাণের দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না। একদিকে দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের তীব্র সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষকে জীবন বাজি রেখে বিদেশে পাড়ি জমাতে প্ররোচিত করছে, অন্যদিকে সীমান্ত ও উপকূলীয় নিরাপত্তায় সরকারের উদাসীনতা এই মৃত্যুমিছিলকে দীর্ঘায়িত করছে।
কেবল মাঝেমধ্যে উদ্ধার অভিযান চালিয়ে বা লোকদেখানো নজরদারি বাড়ানোর বুলি আওড়ে এই ভয়াবহ মানবিক বিপর্যয় রোধ করা সম্ভব নয়। সরকারকে অবশ্যই জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে মানবপাচার মামলার দ্রুত নিষ্পত্তি ও মূল গডফাদারদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কক্সবাজার ও টেকনাফ অঞ্চলের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে যেসব অসাধু ব্যক্তি এই চক্রকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছে, তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে কোনো সরকারের উন্নয়নের বুলিই মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।