এ কথা আমার বিশ্বাস হয় না
-শাহাদাত সুফল
একা, একা হারিয়ে যাবো
নিরবে নিঃস্বঙ্গতায় ডুবে ভেসে
গভীর রাতের আঁধারে জোছনার ঢেউ এসে
আমাকে ভাসিয়ে নেবে,
আমি আর কক্ষনো তোমাকে পাবো না
এ কথা আমার বিশ্বাস হয় না;
পথহারা পথিকের বেশে ঘুরে বেড়াবো পুরোটা শহর
তন্নতন্ন করে খুঁজবো তোমাকে
তবু আমি আর তোমাকে পাবো না কোথাও
এ কথা আমার বিশ্বাস হয় না;
তোমাকে খুঁজতে-খুঁজতে
আকাশ জমিন এক করে ফেলবো
তোমাকে খুঁজতে-খুঁজতে আমি ভীষণ ক্লান্ত হয়ে যাবো
তবু আমি আর কোথাও তোমাকে খুঁজে পাবো না
এ কথা আমার বিশ্বাস করতে হবে-
এমনটা আমার কক্ষনো মনে ছিলো না;
তোমাকে কোথাও পাবো না
এ কথা আমার বিশ্বাস হয় না;
সারাটা জীবন তোমাকে দেখার সাধ
তোমাকে খুঁজতে-খুঁজতে
তোমার ছায়াপথে হাটতে-হাটতে
তোমার শাড়ির পাড় ভাঙতে-ভাঙতে
তোমার চিরল হাসি ভুলতে-ভুলতে
তোমাকে আমার আজীবনের জন্যে ভুলে যেতে হবে
এ কথা আমার বিশ্বাস হয় না,
বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না।