জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন রাষ্ট্রদূত সঞ্চিতা হক। আগামী ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্বে নিয়োজিত থাকবেন। মূলত এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান চীনের সাংহাইয়ে অবস্থান করায় সঞ্চিতা হককে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, গত ১২ নভেম্বর নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর স্থায়ী মিশনগুলোতে পাঠানো এক কূটনৈতিক নোটে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
নোটে উল্লেখ করা হয়েছে, স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতে মিশনের রাষ্ট্রদূত ও উপস্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন। কূটনৈতিক পরিভাষায় এ পদমর্যাদা বা দায়িত্বকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’ বলা হয়, যার অর্থ স্থায়ী প্রতিনিধির অবর্তমানে মিশনের যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করা।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সঞ্চিতা হক গত ৯ জুলাই নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদায় উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেন। ২০০৩ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া এই পেশাদার কূটনীতিক এর আগে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা মোল্লাবাড়ির সন্তান সঞ্চিতা হক প্রয়াত আনোয়ারুল হক ও তাহমিনা খাতুন দম্পতির কন্যা। তাঁর দাদা শামসুল হুদা ওরফে লাল মিয়া মুন্সি ব্রিটিশ ও পাকিস্তান আমলে দীর্ঘ ৩৫ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সূত্র: কূটনৈতিক সূত্র / জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন