সড়ক দুর্ঘটনা হ্রাস ও পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় পাঁচ দিনব্যাপী এই রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি আগামী রোববার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে।
বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রথম পর্যায়ের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে সারা দেশে প্রতিষ্ঠানটির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে বিআরটিসির চলমান কার্যক্রমে ২০ হাজার পেশাদার চালককে পাঁচ দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।
এদিকে, বিআরটিসির বিভিন্ন প্রকল্পের অধীনে উল্লেখযোগ্যসংখ্যক নারীও ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, শুরুর দিকে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কম থাকলেও বর্তমানে তাদের আগ্রহ ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় অনেক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
রিফ্রেশার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে পেশাদার চালকদের জ্ঞান সমৃদ্ধ করা, নিরাপদ ও প্রতিরক্ষামূলকভাবে গাড়ি চালানোর কৌশল রপ্ত করা এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এই প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, বিআরএসপি প্রকল্পের মাধ্যমে নতুন পেশাদার চালক গড়ে তুলতে চার মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে, আগে থেকেই পেশায় যুক্ত চালকদের সচেতনতা ও পেশাগত দক্ষতা শাণিত করতে এই পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রকৌশলী ফাতেমা বেগমের মতে, এসব প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস তৈরি, সম্ভাব্য ঝুঁকি আগেভাগে চিহ্নিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে চালকদের ব্যক্তিগত দায়িত্ববোধ জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সূত্র: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)