চলমান COP31 জলবায়ু সম্মেলনে বরফ ও হিমবাহ গলনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক বিশেষ জোট ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (AMI)-এর ২৬তম অংশীদার বা সদস্য দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ার তীব্র ঝুঁকি হ্রাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি ও ঘনিয়ে আসা জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই বাংলাদেশ এই উদ্যোগে শামিল হয়েছে।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত COP31 সম্মেলনের ভেন্যুতে গত শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এই বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। ঐতিহাসিক এই মুহূর্তটিতে তাঁর সাথে উপস্থিত ছিলেন ‘এএমআই’ (AMI) সেক্রেটারিয়েটের সম্মানিত পরিচালক ড. প্যাম পিয়ারসন (Dr. Pam Pearson)।
বাণিজ্যিক ও শিল্পোন্নয়নের কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের হিমবাহ ও বরফস্তরের দ্রুত গলন জলবায়ু ব্যবস্থার স্বাভাবিক ভারসাম্য, পানিসম্পদের স্থায়ী প্রাপ্যতা, জীববৈচিত্র্য এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত সুরক্ষাকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। বিশেষ করে মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের মতো উপকূলবর্তী ও ঘনবসতিপূর্ণ নিম্নাঞ্চলের দেশগুলো অস্তিত্বের সংকটে পড়ছে। এ পরিস্থিতি বিবেচনা করে হিমবাহ সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর বৈশ্বিক দরকষাকষিতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জোর দিয়ে বলেন, ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি বিশ্বমঞ্চে জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব মোকাবিলায় দেশের সক্রিয় ও দায়িত্বশীল নেতৃত্বের জোরালো বহিঃপ্রকাশ। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ হিমবাহের বরফ গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক, এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ সুরক্ষার বিষয়গুলোতে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা ও সচেতনতা জোরদারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো একক দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষ করে পৃথিবীর মেরু অঞ্চল ও পার্বত্য হিমবাহে সংঘটিত পরিবর্তন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ, অর্থনীতি ও জনজীবনে প্রভাব ফেলে। ফলে এই সংকট মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ, বিজ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ, কার্যকর প্রশমন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।
এই বাস্তবতায় AMI উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সংহতি বৃদ্ধির পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর উদ্বেগ ও অগ্রাধিকার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আসছে। AMI উদ্যোগে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বৈশ্বিক জলবায়ু সুরক্ষার বৃহত্তর প্রচেষ্টার সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বিস্তৃত হলো।
এ উদ্যোগে বাংলাদেশের যোগদান আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এর মাধ্যমে হিমবাহ ও বরফাঞ্চল সংরক্ষণ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার আরও সুস্পষ্ট হয়েছে।
সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (প্রেস বিজ্ঞপ্তি)