সাম্প্রদায়িকতা, বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন।
আইনমন্ত্রী বলেন, অতীতে সমাজে বিএনপি সম্পর্কে এমন একটি নেতিবাচক ধারণা তৈরির অপচেষ্টা চালানো হয়েছিল যে দলটি সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। কিন্তু সময়ের পরিক্রমায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। নিজের নির্বাচনী এলাকার উদাহরণ টেনে তিনি জানান, সেখানকার সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে বিপুলভাবে সমর্থন দিয়েছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে যে মানুষ পরিবর্তনশীল এবং সমাজকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে।
দলের রাজনৈতিক আদর্শ ব্যাখ্যা করে মো. আসাদুজ্জামান বলেন, “আমরা বিএনপি করি, আমরা রাজনীতি করি। বামপন্থীদের ডানে এবং ডানপন্থীদের বামে অবস্থান করে আমরা মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
সম্প্রীতির বন্ধন তুলে ধরে তিনি আরও বলেন, ভাষার দিক থেকে আমরা বাঙালি এবং পাসপোর্টের রঙের দিক থেকে আমরা বাংলাদেশি। এই ভূখণ্ডের মানুষ হিসেবে প্রত্যেকেরই গর্বিত সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রয়েছে। ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের সবার রক্তের রং এক; একই আলো-বাতাসে আমরা বেড়ে উঠি এবং একই মাটির ফসল গ্রহণ করি। তাই সবার আগে আমাদের পরিচয়—আমরা বাংলাদেশের মানুষ।
আইনমন্ত্রী উল্লেখ করেন, দেশ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে এর সুফল প্রতিটি নাগরিক ভোগ করবে। ভয়ভীতির সংস্কৃতি দূর করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
দেশের প্রচার ও অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সব ধরনের হাইপ ও অপপ্রচারের বাইরে থেকে জনকল্যাণে যা করণীয়, সরকার তা-ই করবে। আইনের শাসনের পথে চলতে গিয়ে সরকারের কোনো ভুল বা বিচ্যুতি ঘটলে তা ধরিয়ে দেওয়ার জন্য তিনি সমাজের বুদ্ধিজীবী, চিন্তাবিদ, সাংবাদিক ও জ্ঞানী-গুণী মানুষদের প্রতি আহ্বান জানান।
সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের তাগিদ দিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, আগুনসন্ত্রাস ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। যে বাংলাদেশে মানবতা, মানুষের উন্নয়ন ও মানবাধিকার প্রাধান্য পাবে, সেই বাংলাদেশ সবার জন্য। পক্ষান্তরে, যারা মৌলবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেবে, এ দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে—২০২৪ সালের গণঅভ্যুত্থানও সেই শিক্ষাই দিয়েছে।
জগন্নাথ হলের ঐতিহ্যের স্মৃতিচারণ করে তিনি বলেন, শিক্ষা বিস্তারের পাশাপাশি ভদ্রতা, সভ্যতা, নম্রতা ও সংস্কৃতিচর্চায় এই হলের অবদান অনস্বীকার্য। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশিষ পাল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী নিবাস চন্দ্র মাঝি এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়