দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারিগরি সব প্রক্রিয়া ঠিক থাকলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন মিললে চলতি নভেম্বরেই এই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। তবে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ পেতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রযুক্তিগত বা আকস্মিক কোনো সংকট দেখা না দিলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত করার জোর প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়েই বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ গ্রিডে সরবরাহের ঐতিহাসিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
সূত্রগুলো আরও জানায়, প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদনের কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে এবং বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যার পরিমাণ প্রায় ৩০০ মেগাওয়াট। পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর কয়েক দিন উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো ত্রুটি নেই বলে নিশ্চিত হওয়ার পর বায়েরার অনুমোদন সাপেক্ষে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে অনুষ্ঠানের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি; দুই শীর্ষ নেতার সময়সূচি বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বরে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
এ প্রসঙ্গে বায়েরার চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ঠিক কবে নাগাদ গ্রিডে সরবরাহ শুরু হবে তা এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, তবে যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সঞ্চালনের প্রতিটি ধাপ যাচাই-বাছাই করে কোনো সমস্যা না থাকলে তবেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সময়সূচির ওপরও উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ নির্ভর করছে বলে তিনি জানান।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট গ্রিডে যুক্ত হওয়ার পর পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। সে হিসাবে এ বছর ৩০০ মেগাওয়াট সরবরাহের উদ্বোধন হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
উল্লেখ্য, রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে। ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নিয়ে গঠিত এই কেন্দ্রটি পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
সূত্র: প্রকল্পসংশ্লিষ্ট সূত্র / বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)