ডিসেম্বরকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে চিহ্নিত করেছে সরকার। এ ধরনের অপতৎপরতা রুখতে প্রশাসন যেমন কঠোর আইনানুগ পদক্ষেপ নিচ্ছে, তেমনি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। একই সঙ্গে দলটির মিত্র দল ও জোটগুলোও কর্মসূচি নিয়ে মাঠে নামছে।
পাশাপাশি সারা দেশে নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে প্রশাসন। সংরক্ষিত নারী আসনের সদস্যসহ বিএনপি দলীয় সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে; অধিবেশন শেষে দলীয় এমপিদের নির্বাচনি এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গত ৯ নভেম্বর অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে সংসদনেতা তারেক রহমান বলেন, “আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকব। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।” তিনি আরও স্মরণ করিয়ে দেন যে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি রাজপথে ছিল এবং সামনের দিনগুলোতেও রাজপথ থেকে তাদের কেউ সরাতে পারবে না।
মহান বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর বিশাল র্যালিকে একটি ‘বার্তা’ হিসেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, চলমান প্রেক্ষাপটে এই বিশাল র্যালি প্রমাণ করে বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে। অতীতের মতোই জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য রুখে দেওয়া হবে।
জননিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে ইতোমধ্যেই ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল শুরু করেছে বিএনপি এবং যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। মিছিল-পরবর্তী সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।” গতকাল বিকালে ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায়ও যুবদল-ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে এবং স্থানীয় নেতাকর্মীরা সন্দেহভাজনদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন।
এদিকে বিএনপির মিত্র জোটগুলোও কর্মসূচি ঘোষণা করেছে। ‘১২ দলীয় জোট’ আজ রবিবার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। অন্যদিকে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বলে জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন।
গত বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানান, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না, তবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সীমারেখার মধ্যেই প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়ে পতিত শক্তির সব চক্রান্ত নস্যাৎ করা হবে।
এরই ধারাবাহিকতায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলা এবং শিল্পাঞ্চলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন এবং গণগ্রেপ্তারের অভিযোগ যেন না ওঠে, সে ব্যাপারেও কঠোর সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আইজিপি।
সূত্র: দৈনিক ইত্তেফাক