আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ইন্টার্নশিপ এবং নিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়ে সংস্থাটির মানবসম্পদবিষয়ক উপ-মহাপরিচালক Margaret Doane-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
অস্ট্রিয়ার ভিয়েনায় বুধবার, ১৬ সেপ্টেম্বর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএইএতে বাংলাদেশের নাগরিকদের জন্য বিশেষ করে সরকারি কর্মকর্তাদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন পদে নিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ সৃষ্টি এবং তাঁদের দক্ষতা বিকাশে আইএইএর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ ও আইএইএর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্র: প্রদত্ত তথ্য।