পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির দীর্ঘ এক দশকের সাধনায় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। ২২ ঘণ্টার সফল কক্ষপথ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসা বিশালাকার ‘স্টারশিপ’ মহাকাশযানটিকে প্রথমবারের মতো লঞ্চ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে শূন্যেই লুফে নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ‘স্টারবেজ’ উৎক্ষেপণ কেন্দ্রের আকাশে ঘন মেঘের আড়াল ভেদ করে বেরিয়ে আসে ১৭১ ফুট (৫২ মিটার) উচ্চতার স্টারশিপ মহাকাশযান। ভূপৃষ্ঠে নেমে আসার চূড়ান্ত মুহূর্তে এটি পুনরায় ইঞ্জিন চালু করে নিজেকে উল্লম্ব অবস্থানে নিয়ে আসে। এরপর ইঞ্জিনের কানফাটানো গর্জনের মধ্য দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে লঞ্চ টাওয়ারের ‘মেকাজিলা’ নামক যান্ত্রিক বাহুর ভেতরে নেমে আসে যানটি।
মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড ঘর্ষণ ও তাপে মহাকাশযানটির বাইরের অংশ কিছুটা পুড়ে কালচে হয়ে যায়। তবে কোনো ধরনের বিপত্তি ছাড়াই এটি ইঞ্জিন বন্ধ করে মাটি থেকে কয়েকশ ফুট ওপরে যান্ত্রিক বাহুতে ঝুলে থাকে। স্পেসএক্সের মিশন ধারাভাষ্যকার ড্যান হুয়ট এই অভাবনীয় অর্জনকে ‘মহাকাশ যাত্রার কাঙ্ক্ষিত সাফল্য’ বা ‘হোলি গ্রেইল’ হিসেবে অভিহিত করেছেন।
এর আগে গত শুক্রবার টেক্সাসের স্টারবেজ থেকে রকেটটির নিচের অংশ ‘সুপার হেভি বুস্টার’-এর সাহায্যে স্টারশিপকে মহাকাশে পাঠানো হয়েছিল। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর বুস্টারটি লঞ্চ প্যাডে ফিরে আসতে ব্যর্থ হওয়ায় ওই অভিযানে রকেটের দুটি অংশই একসঙ্গে উদ্ধার করার পরিকল্পনা সফল হয়নি। তবে স্টারশিপের ওপরের অংশটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে মোট সাড়ে ২২ ঘণ্টা কক্ষপথে অবস্থান করে। শুক্রবার রাতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬১ মাইল (২৬০ কিলোমিটার) উচ্চতায় অবস্থানকালে এটি ২৬টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়।
গতকাল শনিবার প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পূর্ব দিকে ওড়ার সময় স্টারশিপ একটি ইঞ্জিন চালু করে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের প্রক্রিয়া শুরু করে। ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল গতিতে ছুটে চলা মহাকাশযানটি বায়ুমণ্ডলের প্রচণ্ড তাপ সহ্য করে দক্ষিণ টেক্সাসের আকাশে সুপারসনিক গতিতে নিচে নামতে থাকে। এরপর এর ডানাগুলো ভাঁজ হয়ে যায় এবং ওপরের অংশের দুটি ছোট হুক লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে আটকে যায়।
সফলভাবে ধরার কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক এবং স্পেসএক্সের প্রকৌশলীরা মহাকাশযানটি সশরীরে পরিদর্শন শুরু করেন। লঞ্চ টাওয়ারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে উচ্ছ্বসিত মাস্ক লেখেন, ‘শিপ ৪২-কে দারুণ দেখাচ্ছে!’
বর্তমানে বৈশ্বিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে স্পেসএক্সের একচ্ছত্র আধিপত্য মূলত তাদের ‘ফ্যালকন ৯’ রকেটের ওপর নির্ভরশীল। ২০১০ সাল থেকে এই রকেট ৭০০ বারেরও বেশি উৎক্ষেপণ করা হয়েছে। ফ্যালকন ৯-এর প্রথম ধাপের অংশটি পুনর্ব্যবহারযোগ্য হলেও, কক্ষপথে স্যাটেলাইট পৌঁছে দেওয়া দ্বিতীয় ধাপের অংশটি প্রতিবারই সমুদ্রে ফেলে দেওয়া হয়। কিন্তু ইলন মাস্ক স্টারশিপকে এমনভাবে তৈরি করতে চান, যা বাণিজ্যিক উড়োজাহাজের মতো সামান্য রক্ষণাবেক্ষণের মাধ্যমেই বারবার মহাকাশে যাতায়াত করতে পারবে। স্টারলিংক স্যাটেলাইট ব্যবসা সম্প্রসারণ, কক্ষপথে ডেটা সেন্টার স্থাপন, চাঁদে মানুষ পাঠানো এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানববসতি গড়ার স্বপ্নের মূল ভিত্তি হলো এই স্টারশিপ।
শনিবারের এই সাফল্য যুগান্তকারী হলেও সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবস্থা গড়ে তুলতে স্পেসএক্সের সামনে এখনো তিনটি প্রধান প্রকৌশলগত চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, স্পেসএক্স এখনো একই অভিযানে বুস্টার এবং স্টারশিপ—উভয় অংশকে অক্ষত অবস্থায় একসঙ্গে ফিরিয়ে আনতে পারেনি। দ্বিতীয়ত, বায়ুমণ্ডলে প্রবেশের প্রচণ্ড তাপ থেকে মহাকাশযানকে রক্ষা করতে স্টারশিপের গায়ে শত শত কালো ষড়ভুজাকার তাপ প্রতিরোধক টাইলস বা হিট শিল্ড বসানো রয়েছে, যা এখনো পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য নয়। প্রতিটি অভিযানের পর খুব সামান্য বা কোনো মেরামত ছাড়াই ব্যবহার উপযোগী নতুন টাইলস তৈরির চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
তৃতীয় চ্যালেঞ্জটি হলো কক্ষপথে জ্বালানি স্থানান্তর। নাসার ‘আর্টেমিস’ কর্মসূচির আওতায় চাঁদে মানুষ পাঠানোর জন্য স্পেসএক্স ৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তি পেয়েছে, যার মধ্যে নাসা ইতিমধ্যে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। স্টারশিপ নির্মাণে স্পেসএক্স নিজেও ১৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। নাসার লক্ষ্য অনুযায়ী ২০২৮ সালে চাঁদে নভোচারী পাঠাতে হলে স্টারশিপকে কক্ষপথেই একটি ট্যাংকার রকেট থেকে অন্য রকেটে জটিল জ্বালানি স্থানান্তরের সক্ষমতা প্রমাণ করতে হবে।
সূত্র: বিবিসি ও স্পেসএক্স।