ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর ভূমিকা না নিলে দেশটি ভবিষ্যতে আঞ্চলিক জঙ্গিবাদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।
বুধবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের রাজধানী দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-সহ বিভিন্ন বিদেশি সংস্থা বর্তমানে বাংলাদেশে অবাধে কার্যক্রম পরিচালনা করছে। তার ভাষ্য, ভারতের পূর্ব সীমান্তে ‘আরেকটি পাকিস্তান’ তৈরি হয়েছে, যা শুধু ভারতের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও উদ্বেগজনক।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া বহু সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্যে কর্মসূচি পালন করছে এবং আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযুক্ত ব্যক্তিরাও জনসভায় বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়। তিনি অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং পরবর্তীতে বিএনপি সরকারের অনুমোদিত দায়মুক্তি আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানে নিহতদের বিচার কার্যত বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী এবং সাংবাদিককে বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ বিচার হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তবে সজীব ওয়াজেদ জয়ের এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি।