যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে কঠোর ও বিতর্কিত মন্তব্য করেছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম। তিনি দাবি করেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সক্ষমতা থাকলে প্রয়োজনের সময় হোয়াইট হাউসের ভেতরেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করা সম্ভব।
সম্প্রতি ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারু-কে দেওয়া এক সাক্ষাৎকারে কানানি মোকাদ্দাম এ মন্তব্য করেন। তিনি বলেন, যদি ট্রাম্পকে হত্যা করাই উদ্দেশ্য হতো, তাহলে ইরানের পক্ষে তা বাস্তবায়ন করা অসম্ভব নয়। তার ভাষায়, প্রয়োজন দেখা দিলে ইসলামি প্রজাতন্ত্র সে সক্ষমতা রাখে।
সাক্ষাৎকারে তিনি শুধু এই হুমকিসূচক বক্তব্যই দেননি, বরং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন।
কানানি মোকাদ্দাম বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনার লক্ষ্য কোনো শান্তি চুক্তি করা নয়। বরং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাবে ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরাই এ সংলাপের উদ্দেশ্য।
তিনি আরও দাবি করেন, ট্রাম্প কিংবা তার প্রশাসনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইরান আলোচনায় বসেনি। বরং নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাব দেওয়াই তাদের মূল লক্ষ্য।
একই সঙ্গে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনো ইরানের নীতিগত অবস্থানের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
কানানি মোকাদ্দামের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নানা ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর, ফারারু