ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের ফু কুওক দ্বীপের কাছে সাগরে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে ৩৬ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ছিলেন ভারতীয় পর্যটক। এ ছাড়া নৌকার তিনজন ক্রু সদস্য এবং একজন পরিচারকও ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ২১ জনকে জীবিত উদ্ধার করেছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, নৌকাটি হন মে রুট দ্বীপ এলাকা থেকে আন থোই বন্দরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে সাগরের মধ্যে সেটি উল্টে যায়।
স্থানীয় সূত্র বলছে, দুর্ঘটনার সময় সমুদ্রের অবস্থা ছিল খুবই খারাপ। প্রবল ঢেউয়ের কারণে নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। সমুদ্র এলাকায় ব্যাপক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ভিয়েতনামে ভারতের দূতাবাস এক বিবৃতিতে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছে।
ভারতীয় দূতাবাস আরও জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সহায়তা দিতে হো চি মিন সিটি এবং হ্যানয়ে জরুরি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ, নিহত ও নিখোঁজদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ফু কুওক দ্বীপ ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। সাম্প্রতিক সময়ে বিশেষ করে ভারতীয় পর্যটকদের কাছে দ্বীপটির আকর্ষণ বেড়েছে। পর্যটকদের আনাগোনা বাড়ার মধ্যেই এ নৌকাডুবির ঘটনা ঘটল।
সূত্র: রয়টার্স