যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের ছুটির রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) রাতে সংঘটিত এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।
রয়টার্সের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, স্থানীয় সময় রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ নম্বর স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং ৬, ৭, ১২ ও ১৪ বছর বয়সি চার শিশু রয়েছে। আহত সবাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ২১ বছর বয়সি এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তবে বাকি সাতজন বর্তমানে শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।
কেন বা কী কারণে এ গোলাগুলির ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। হামলাকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: রয়টার্স।