ফিফা বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করায় ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির সরকার এই জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে সরকারি ও বেসরকারি উভয় খাতেই ছুটি কার্যকর করার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানিকে পরাজিত করে নকআউট পর্বে জায়গা করে নেয় ইকুয়েডর। এই জয়ের পর দেশজুড়ে উদ্যাপনের আবহ তৈরি হয়।
সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ঐতিহাসিক জয় পুরো জাতিকে গর্বিত করেছে এবং ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছে। সেই অর্জন উদ্যাপনের অংশ হিসেবেই সরকারি ও বেসরকারি খাতে শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে।
ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে উপস্থিত থেকে দলের জয় প্রত্যক্ষ করেন।
জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই জয়ের মাধ্যমে ইকুয়েডর বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলেও নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।
সূত্র: রয়টার্স।