প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)-এর একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আইআরসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক হাসিনা রহমান। প্রতিনিধিদলে আরও ছিলেন আঞ্চলিক অ্যাডভোকেসি বিশেষজ্ঞ ও অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন প্রধান শাবিরা নূপুর।
বৈঠকে হুমায়ুন কবির দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর করতে আইআরসির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, জনগণের সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সহনশীলতা গড়ে তোলার মাধ্যমে দুর্যোগে প্রাণহানি ও জীবিকার ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
আলোচনায় উভয় পক্ষ দুর্যোগ-পূর্ব প্রস্তুতি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি, জলবায়ুজনিত দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়ন এবং টেকসই সহনশীলতা গড়ে তুলতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অগ্রাধিকার বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় দেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক বাংলাদেশ ও আইআরসির মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়।