ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় বহু ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, অন্তত ৩৭টি স্থাপনা ক্ষতির মুখে পড়েছে। ধসে পড়া কাঠামোর নিচে কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান সতর্কতা জারি করেছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর থেকে ১৩৮টি অনুকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে কয়েকটির মাত্রা ছিল বেশ শক্তিশালী, যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বড় মাত্রার ভূমিকম্পের পর এ ধরনের অনুকম্পন স্বাভাবিক হলেও তা উদ্ধারকাজ এবং ক্ষতিগ্রস্ত ভবনের স্থিতিশীলতার জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: বিবিসি।