মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। হামলার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো দেশের আকাশসীমার দিকে ধেয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ার পর প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত মোতায়েন করা হয়। এর ফলে তেল আবিব, জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
হামলার প্রভাব পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের এলাকাতেও অনুভূত হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সময় আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ওই ঘটনার পর ইরান কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, কয়েক দফায় পরিচালিত হামলায় ইসরায়েলের দিকে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একই সময়ে উত্তরাঞ্চলের বিভিন্ন শহরেও সাইরেন বাজতে থাকে।
এদিকে ইসরায়েল দাবি করেছে, তারা পাল্টা অভিযানে ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের দাবি যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি।