জাতিসংঘের সর্বোচ্চ মরণোত্তর সম্মান পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
প্রকাশের সময়:
শনিবার, ৬ জুন, ২০২৬
সুদানে শান্তিরক্ষা দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে সম্মানিত করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান এবং আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পদকগুলো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর কাছে হস্তান্তর করেন।
সম্মানপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মন্ডল। তারা গত বছরের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলি এলাকায় জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়ে নিহত হন।
অনুষ্ঠানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রাণ হারানো সদস্যদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। মহাসচিব গুতেরেস শান্তিরক্ষীদের সাহসিকতা ও মানবিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে তাদের অবদানের প্রশংসা করেন।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশের ৬৮ জন শান্তিরক্ষীকে মরণোত্তর এই পদকে ভূষিত করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের ছয় সদস্যের অন্তর্ভুক্তি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকার আরেকটি স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯৯৭ সালে চালু হওয়া দাগ হ্যামারশোল্ড পদক জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের স্মরণে প্রদান করা হয়।
সূত্র: জাতিসংঘ ও বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্ক।