বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করার অংশ হিসেবে অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার ব্লক-৩ যুদ্ধবিমানের একটি উন্নতমানের সিমুলেটর হস্তান্তর করেছে পাকিস্তান। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি কেবল প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ নয়; বরং ভবিষ্যৎ বিমান প্রতিরক্ষা সহযোগিতার একটি কৌশলগত বার্তা।
সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ পর্যায়ের বৈঠকের পর বিষয়টি সামনে আসে। বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন এবং জেএফ-১৭ ব্লক-৩ যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
বিশ্লেষকদের মতে, কোনো দেশ নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহের আগে সাধারণত প্রশিক্ষণ অবকাঠামো ও প্রযুক্তিগত প্রস্তুতি নিশ্চিত করে। সেই বিবেচনায় এই সিমুলেটর হস্তান্তরকে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, এই সিমুলেটরের মাধ্যমে পাইলটরা বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুকরণে প্রশিক্ষণ নিতে পারবেন। পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনায় নিয়োজিত প্রকৌশলী এবং টেকনিশিয়ানরাও আগেভাগে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
সামরিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক প্রতিরক্ষা সমীকরণে এই উদ্যোগ নতুন আলোচনার জন্ম দিতে পারে। বিশেষ করে ভারত-পাকিস্তান সামরিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ইসলামাবাদের প্রতিরক্ষা যোগাযোগ বাড়াকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।