ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১১১ জনে পৌঁছেছে। শুক্রবার রাজ্যের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গত বুধবার আঘাত হানা প্রবল ঝড়ে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগে বহু ঘরবাড়ির টিনের চাল উড়ে যায় এবং অসংখ্য গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ঝড়ের ভয়াবহ চিত্র দেখা গেছে।
রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, আহত হয়েছেন অন্তত ৭২ জন। পাশাপাশি দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এখন পর্যন্ত সরকারি হিসাবই নিশ্চিত করেছে।
ঝড়ের সময় বেরেলি জেলায় ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি ঘরের টিনের চাল আঁকড়ে ধরার সময় প্রবল বাতাসে অনেক উঁচুতে উঠে যান। পরে তিনি দূরের পানিপূর্ণ একটি ক্ষেতে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।
নানহে আনসারি নামে ওই শ্রমিক জানান, ঝড়ের সময় তিনি টিনের চালটি দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছিলেন। তখনই ঝোড়ো বাতাসে তিনি টিনসহ দূরে ছিটকে পড়েন।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়ার ঘটনা বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণতার প্রভাবেই বজ্রঝড় ও বজ্রপাতের তীব্রতা বাড়ছে।
উত্তরপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা ঘোষণা করেছে। প্রশাসন এখনো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: সিএনএ