দেশে শিশুদের মধ্যে হাম ও রুবেলার ঝুঁকি কমাতে জরুরি টিকাদান কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা দেওয়া হবে। ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের প্রকাশিত বার্তায় বলা হয়, ইউনিসেফের সহায়তায় পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবে। এতে পাঁচ বছরের নিচে প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে অন্তর্ভুক্ত করা হবে।
উদ্যোগটি বৈশ্বিক পর্যায়ে সংক্রামক রোগ নিয়ন্ত্রণের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে ভবিষ্যতে রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
মার্কিন প্রশাসনের বৈশ্বিক স্বাস্থ্য নীতির আলোকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে, যা অংশীদার দেশগুলোর জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।