ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং এর পাল্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের আঘাত—এসব ঘটনাপ্রবাহে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা বাংলাদেশিদের প্রতি সতর্কবার্তা দিয়েছে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসগুলো।
শনিবার জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাসগুলো বলেছে, সামরিক স্থাপনার আশপাশে যাতায়াত সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের ঘরেই অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক হামলার ফলে কুয়েতে ড্রোন আঘাতে একজন বাংলাদেশি আহত হওয়ার ঘটনাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি মিশন সতর্ক করে জানায়, প্রবাসীরা যেন অতি প্রয়োজন ছাড়া বাইরে না যান, বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করেন। যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, অর্থ, ওষুধ ও খাদ্যসামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়।
দূতাবাসগুলোর বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বা অপ্রমাণিত কোনো ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়, কারণ এটি কিছু দেশের আইনের পরিপন্থী।
প্রতিটি দেশেই প্রবাসীদের খোঁজখবর ও সহায়তার জন্য বিশেষ হটলাইন চালু করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ করা যায়।