রাশিয়ার সঙ্গে যুদ্ধে অবসান এবং ইউক্রেনের ভবিষ্যত নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে ইউরোপসহ বিভিন্ন মিত্র দেশের সঙ্গে কিয়েভে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করেন দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
বৈঠকের পর ইউক্রেনের আলোচক ওলেক্সান্দার বেভজ জানান, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা সমন্বয় করা হয়েছে। এতে প্রথম প্রতিরক্ষা সারি হিসেবে থাকবে ইউক্রেনীয় বাহিনী, আর ইউরোপ নেতৃত্বাধীন বাহিনী ইউক্রেনে মোতায়েন হবে। যুক্তরাষ্ট্রও সহায়তা প্রদান করবে।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী তারাস কাচকা জানিয়েছেন, আন্তর্জাতিক অংশীদাররা আগামী দশ বছরে ইউক্রেনের জন্য প্রায় ৮০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তায় একমত হয়েছেন।
এদিকে, যুদ্ধ বন্ধে অংশীদার দেশগুলোর সঙ্গে বৈঠকের জন্য প্যারিস সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, শান্তি প্রস্তাবের সব নথি ১৮টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাছে হস্তান্তর করা হয়েছে, যার মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত প্রস্তাবও রয়েছে।
জেলেনস্কি বলেন, এই প্রস্তাবগুলো এখন ইউরোপের বিভিন্ন রাজধানী, কানাডা, জাপান ও অন্যান্য অংশীদার দেশের পর্যায়ে আলোচনা হবে। ইউক্রেনের জেনারেল স্টাফ ও সামরিক প্রতিনিধি সোমবার প্যারিসে বৈঠক করবেন, এরপর মঙ্গলবার ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত নথি চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে।
সর্বশেষ গত শুক্রবার খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ৩ বছর বয়সী শিশু।
সূত্র: এপি।