রাশিয়ায় তৈরি অস্ত্র ও সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় প্রযুক্তি এবং স্পেয়ার পার্টস এখন থেকে ভারতেই উৎপাদিত হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে শুক্রবার দুই দেশ এ বিষয়ে চূড়ান্তভাবে একমত হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে মস্কো–নয়াদিল্লির প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছাবে। ভারতীয় সেনাবাহিনীর একটি অংশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণে প্রযুক্তিগত সহায়তা নিতে গিয়ে প্রায়ই সময়ক্ষেপণ ও জটিলতার মুখে পড়তে হয়। এই তালিকায় রয়েছে বহুল আলোচিত এস–৪০০ ক্ষেপণাস্ত্রও।
রাশিয়ার সঙ্গে ঘোষিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রুশ সামরিক হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, যন্ত্রাংশ ও স্পেয়ার পার্টস ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ভারতে উৎপাদিত হবে। এ ছাড়া ভারত ও রাশিয়া যৌথভাবে উৎপাদিত এসব সরঞ্জাম তৃতীয় দেশেও রফতানি করতে পারবে। আরও উন্নত সামরিক প্রযুক্তির উন্নয়নেও দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ভারতীয় সেনাবাহিনী বর্তমানে যে সব প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করে, তার বড় অংশই রাশিয়া থেকে সংগৃহীত। এতদিন এসব অস্ত্রের রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় প্রযুক্তি আমদানি করতে গিয়ে বিলম্ব হতো এবং যুদ্ধ সরঞ্জামের কার্যকারিতা ব্যাহত হতো। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে রক্ষণাবেক্ষণ–সংক্রান্ত জটিলতা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসোভ। বৈঠকে প্রতিরক্ষা খাতে নতুন সম্ভাবনা, যৌথ উৎপাদন এবং ভবিষ্যৎ ক্রয়াদেশ নিয়ে আলোচনা হয়।
২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস–৪০০ ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভারত ৫০০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছিল। আমেরিকার কড়া আপত্তি সত্ত্বেও ওই চুক্তি বাস্তবায়ন হয়, যার মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ভারতের হাতে পৌঁছেছে। সাম্প্রতিক সিঁদুর অভিযানে এস–৪০০ সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানা গেছে।
এছাড়া ভারত এবার রাশিয়ার আরও উন্নত এস–৫০০ ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়া থেকে কেনা এসব ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিও ভবিষ্যতে ভারতেই তৈরি হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই, ডেকান হেরাল্ড, টেলিগ্রাফ ইন্ডিয়া