বিশ্বে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ার পেছনে আফ্রিকার অবদান খুবই কম হলেও মহাদেশকেই সবচেয়ে বড় মূল্য দিতে হবে—এ সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শনিবার শুরু হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিন তিনি এ মন্তব্য করেন।
গুতেরেস জানান, বিশ্ব ইতোমধ্যে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ফলে সাময়িকভাবে হলেও সেই সীমা অতিক্রম করেছে বৈশ্বিক উষ্ণতা। এখন লক্ষ্য হওয়া উচিত—এই অতিক্রম যেন যতটা সম্ভব কম সময়ের জন্য, নিয়ন্ত্রিত এবং নিরাপদ থাকে।
জলবায়ু পরিবর্তনের চরম বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, অতি গরম, বন্যা, প্রবল ঘূর্ণিঝড় এবং খাদ্যসংকটের মতো ভয়াবহ পরিস্থিতি ভবিষ্যতে আরও বাড়বে। তাই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল বৃদ্ধির দাবি জানান তিনি।
জি-২০ রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, স্থিতিশীল ও সহনশীল বিশ্ব গড়তে অভিযোজন ঘাটতি দূর করা এখন জরুরি। তাঁর মতে, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক অভিযোজন তহবিল তিন গুণ বাড়াতে হবে।
তিনি আরও বলেন, গত বছর বিশ্বের নতুন বিদ্যুৎ উৎপাদনের ৯০ শতাংশ এসেছে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে। প্রায় সব দেশেই এখন নবায়নযোগ্য জ্বালানিই নতুন বিদ্যুতের সবচেয়ে সাশ্রয়ী উৎস হিসেবে বিবেচিত।
এ পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলো যেন লাভবান হয়, সে জন্য তাদের বিদ্যুৎ গ্রিড, সংরক্ষণ ব্যবস্থা, শক্তি-দক্ষতা বৃদ্ধি এবং রূপান্তরের ফলে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও সম্প্রদায়কে সহায়তা দিতে প্রযুক্তি ও অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন গুতেরেস।
সূত্র: আনাদুলো এজেন্সি।