বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানো এবং ইন্টারনেট সংযোগ বৃদ্ধির লক্ষ্যে দুইটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুদেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ চুক্তিগুলো সম্পন্ন হয়।
বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে দলিল বিনিময় প্রত্যক্ষ করেন। উভয় দেশের প্রতিনিধিরা জানান, এসব সমঝোতা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত করবে।
স্বাস্থ্যখাতে সহযোগিতা সংক্রান্ত প্রথম সমঝোতা—‘অ্যাপয়েন্টমেন্ট অব হেলথ ওয়ার্কফোর্স’—সই করা হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে। এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
অন্যদিকে, দ্বিতীয় সমঝোতা স্মারক—‘ট্রেড অব ইন্টারন্যাশনাল ইন্টারনেট ব্যান্ডউইডথ অ্যান্ড আদার টেলিকমিউনিকেশন সার্ভিসেস’—স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ সরকার এবং ভুটান রয়্যাল সরকারের মধ্যে। এটির পক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
এ দুটির আগেই তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের নেতাদের মাঝে একান্ত বৈঠক এবং আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই আঞ্চলিক যোগাযোগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং মানবসম্পদ উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।