ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলার লালখাদান এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিলাসপুর–কাটনি রুটে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের সামনের বগিটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে ইঞ্জিন ও বগিগুলো চূর্ণবিচূর্ণ অবস্থায় দেখা গেছে।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এনডিআরএফ সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে একটি শিশুকেও জীবিত উদ্ধার করেছেন।
দুর্ঘটনায় ওভারহেড বিদ্যুৎ লাইন ও সিগন্যালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে কিছু ট্রেন চালানো হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে সিগন্যাল বিভ্রাট বা মানবিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া