চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করল সৌদি আরব। বিশ্বের প্রথম রোবটিক ব্রেন টিউমার সার্জারি সফলভাবে সম্পন্ন করেছে দেশটি, যা নিউরোসার্জারির ইতিহাসে এক যুগান্তকারী অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে এই ঐতিহাসিক অপারেশনটি সম্পন্ন হয়। ৬৮ বছর বয়সী এক রোগীর মস্তিষ্কে থাকা ৪.৫ সেন্টিমিটার টিউমার অপসারণে ব্যবহৃত হয় অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তি।
অস্ত্রোপচার শেষে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রোগী সম্পূর্ণ সচেতন অবস্থায় হাসপাতাল ছেড়ে যান—যা প্রচলিত মস্তিষ্ক সার্জারির তুলনায় চারগুণ দ্রুত।
হাসপাতালের নিউরোটিউমার বিশেষজ্ঞ ও প্রধান সার্জন ডা. হোমুদ আল-দাহাশ জানান, রোবোটিক সিস্টেম সার্জনদের আরও নির্ভুল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রদান করে। এটি মস্তিষ্কের জটিল নিউরোভাসকুলার কাঠামো শনাক্তে বিশেষ সহায়তা করে।
তিনি বলেন, “রোগীর একই দিনে সচেতন হওয়া ও স্বাভাবিক জীবনে ফেরার ঘটনা চিকিৎসা জগতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।”
এক ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারটি পরিচালিত হয় একটি থ্রিডি অপটিক্যাল ও চিত্রনির্দেশিত নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে, যা সার্জনদের মস্তিষ্কের স্পষ্ট ও বিস্তৃত দৃশ্য প্রদান করে। এতে গুরুত্বপূর্ণ অংশগুলো সুরক্ষিত রেখে সুনির্দিষ্টভাবে টিউমার অপসারণ সম্ভব হয়।
কিং ফয়সাল হাসপাতালের সিইও ডা. মাজিদ আল-ফায়াদ বলেন, “এই অর্জন আমাদের রূপান্তরমুখী স্বাস্থ্যব্যবস্থার প্রতিফলন এবং বৈশ্বিক চিকিৎসা ভবিষ্যৎ নির্মাণে সৌদি আরবের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রমাণ।”
রোবটিক সার্জারিতে হাসপাতালটির এটি নতুন সংযোজন। এর আগে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম রোবোটিক হার্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল।
বর্তমানে কিং ফয়সাল হাসপাতাল বিশ্বের ২৫০টি শীর্ষ একাডেমিক মেডিকেল সেন্টারের মধ্যে ১৫তম স্থানে, আর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রথম অবস্থানে রয়েছে।
২০২৪ সালে ‘ব্র্যান্ড ফাইন্যান্স’ কর্তৃক এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে মূল্যবান স্বাস্থ্যসেবা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পায়। পাশাপাশি নিউজউইকের ‘ওয়ার্ল্ডস বেস্ট হাসপাতাল ২০২৫’ ও ‘বেস্ট স্মার্ট হাসপাতাল ২০২৫’ তালিকাতেও স্থান পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রোবটিক নিউরোসার্জারি চিকিৎসা বিজ্ঞানের এমন এক দিগন্ত উন্মোচন করেছে, যা ভবিষ্যতে জটিল মস্তিষ্ক অস্ত্রোপচারে নতুন নিরাপত্তা ও নির্ভুলতার মানদণ্ড স্থাপন করবে।
সূত্র: আরব নিউজ।