চলতি বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল দেভরেট এবং জন এম. মার্টিনিস। তারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। মঙ্গলবার (বাংলাদেশ সময় বিকেলে) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এক ঘোষণায় তাদের নাম প্রকাশ করে।
‘মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিকাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টাইজেশন ইন অ্যান ইলেকট্রিক সার্কিট’ বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য এই তিন বিজ্ঞানীকে পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। তাদের গবেষণা কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
নোবেল কমিটির তথ্য অনুযায়ী, পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ৯ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার), যা তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
পদার্থবিজ্ঞানে এ পর্যন্ত ২২৬ জন নোবেলজয়ী হয়েছেন। সে হিসাবে জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন মার্টিনিস হচ্ছেন ২২৭তম বিজয়ী দল। এর আগে একমাত্র ব্যক্তি হিসেবে জন বারডিন দুইবার পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছিলেন—দু’বারই যৌথভাবে।
উল্লেখ্য, সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
সূত্র: আল জাজিরা।