ইসরায়েলের সামরিক হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে, আহত হয়েছেন আরও ১৬৫ জন। বুধবার রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে চালানো এ হামলাকে গাজা যুদ্ধের প্রভাবে শুরু হওয়া ইসরায়েল-হুথি পাল্টাপাল্টি আক্রমণের সর্বশেষ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও ধ্বংসস্তূপে আটকে থাকা নিখোঁজদের উদ্ধারে কাজ করছে জরুরি পরিষেবা কর্মীরা। হামলাটি আবাসিক এলাকা ও স্বাস্থ্যকেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে জীবিতদের বের করে আনতে তৎপরতা চলছে।
এর আগে গত ৩০ আগস্ট সানায় চালানো এক হামলায় ইয়েমেনের সরকারপ্রধানসহ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছিলেন। সেটিই ছিল প্রথমবারের মতো উচ্চপর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করে ইসরায়েলি হামলা।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হুথি গোষ্ঠীর ড্রোন ও সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে হুথি গোষ্ঠীর কার্যক্রম প্রতিহত করা।
সূত্র: মিডলইস্ট আই, রয়টার্স।