ফ্রান্স জুড়ে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে এবং বাজেট কর্তন ও রাজনৈতিক নীতি নিয়ে দেশে ব্যাপক বিক্ষোভ চলছে। বুধবার বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করেছে, আবর্জনার পাত্র পুড়িয়েছে, এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
দেশজুড়ে মোতায়েন করা হাজার হাজার নিরাপত্তা বাহিনী অবরোধ তুলে নিয়েছে। পুলিশ জানিয়েছে, দেশের বিভিন্ন শহরে প্রায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
বিরোধী দলগুলো সোমবার একত্রিত হয়ে সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘনিষ্ঠ মিত্র সেবাস্তিয়ান লেকর্নুকে নিয়োগ দিয়েছেন।
প্যারিসে এক বিক্ষোভে একজন প্রতিনিধি বলেন, “সমস্যা শুধু ম্যাক্রোঁর, মন্ত্রীদের নয়। তাকে পদত্যাগ করতে হবে।” পুলিশ শহরের গুরুত্বপূর্ণ ট্রেন স্টেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং অবরোধকৃত পথগুলো পরিষ্কার করেছে।
পশ্চিমাঞ্চলীয় শহর রেনেসে বিক্ষোভকারীরা একটি বাসে আগুন দেয় এবং পুলিশের দিকে পাথর ছোড়ে। বিশেষজ্ঞদের মতে, ‘ব্লক এভরিথিং’ আন্দোলনটি কোনও কেন্দ্রীভূত নেতৃত্ব ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সংগঠিত অসন্তোষের প্রকাশ। মূলত এটি ডানপন্থী গোষ্ঠী থেকে শুরু হলেও, পরবর্তীতে বাম ও অতি-বামপন্থীরা এটি দখল করেছে।
সূত্র: ইউএসএ টুডে, রয়টার্স।