মেক্সিকোর আটলাকোমুলকো শহরে ভয়াবহ ট্রেন–বাস সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শিল্পাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেলস অফিস।
প্রত্যক্ষদর্শী ও প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ডাবল-ডেকার বাসটি রেললাইন পার হওয়ার সময় যানজটে আটকে ছিল। ঠিক তখন দ্রুতগামী একটি পণ্যবাহী ট্রেন বাসটিকে মাঝ বরাবর আঘাত করলে সেটি দু’ভাগে বিভক্ত হয়ে যায়। বাসের একাংশ ট্রেনের সঙ্গে অনেক দূর পর্যন্ত টেনে নেয়া হয়, অপর অংশ লাইন থেকে ছিটকে পাশে পড়ে থাকে।
স্থানীয় বাসিন্দা মিগুয়েল সানচেজ বলেন, “প্রথমে প্রচণ্ড শব্দ শুনে মনে হয়েছিল গাড়ির সংঘর্ষ হয়েছে। পরে বুঝতে পারি এটি একটি বাস, যার ভেতরে বহু যাত্রী ছিল।”
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও জরুরি সেবা কর্মীরা। রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। নিহত বাসটি হেরাডুরা দে প্লাতা নামক একটি পরিবহন কোম্পানির মালিকানাধীন। দুর্ঘটনায় বাসটির উপরের ছাদ সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে কোম্পানির পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ট্রেন পরিচালনাকারী কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি অব মেক্সিকো প্রতিষ্ঠানটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন এবং জনগণকে রেল ক্রসিংয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।