যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নামেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত এ বিক্ষোভ থেকে অন্তত ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের একটি ক্যাম্পেইন গ্রুপ এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির দাবি, প্রায় দেড় হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করে গ্রুপটি জানায়, কেবল প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে প্ল্যাকার্ড বহন করায় বহু মানুষকে আটক করা হয়েছে।
প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়, পুলিশ লাঠিচার্জ চালালে এক বিক্ষোভকারী রক্তাক্ত হন। ঘটনাস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র বাকবিতণ্ডা হয়, তাদের দিকে বোতল ও অন্যান্য জিনিস নিক্ষেপ করা হয়। ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান।
লন্ডন মহানগর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের প্রতি প্রকাশ্য সমর্থনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানায়, অভিযানের সময় কর্মকর্তারা ঘুষি, লাথি, থুতু ও ইটপাটকেল নিক্ষেপের শিকার হয়েছেন।
সূত্র: আলজাজিরা, বিবিসি, রয়টার্স।