মিয়ানমারের কারারুদ্ধ গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ছেলে কিম আরিস। তিনি জানিয়েছেন, ৮০ বছর বয়সী সু চি গুরুতর অসুস্থ এবং হৃদরোগের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এ অবস্থায় জরুরি চিকিৎসা অপরিহার্য হয়ে উঠেছে।
লন্ডন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম আরিস বলেন, “সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া মায়ের হৃদযন্ত্রের প্রকৃত অবস্থা বোঝা সম্ভব নয়। আমি ভীষণ উদ্বিগ্ন। এমনকি তিনি জীবিত আছেন কি না, সেটিও নিশ্চিত হওয়ার কোনো উপায় আমার কাছে নেই।”
তিনি মিয়ানমারের সেনা সরকারকে আহ্বান জানিয়েছেন, অং সান সু চিকে অবিলম্বে যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাইরের অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসার সুযোগ দিতে হবে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি একাকী কারাবন্দি অবস্থায় রয়েছেন। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে তাঁকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিম আরিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, মায়ের জীবন বাঁচাতে দ্রুত হস্তক্ষেপ করতে হবে এবং তাঁর মুক্তি নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও সু চির অমানবিক কারাবন্দি পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।