রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ না করলে ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি, এক-দুই মাসের মধ্যেই ভারত আলোচনার টেবিলে আসবে, ক্ষমা চাইবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তির চেষ্টা করবে।”
লুটনিক আরও বলেন, “ভারত যতই নিজেদের শক্তিশালী ভাবুক, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতার (যুক্তরাষ্ট্র) স্বার্থেই সিদ্ধান্ত নিতে হবে। যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তবে তাদের রপ্তানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। আমরা দেখতে চাই, এই লড়াই তারা কতদিন চালিয়ে যেতে পারে।”
এর আগে, সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছিলেন, “দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করি।” ট্রাম্পের সেই মন্তব্যের পরই ভারতকে উদ্দেশ করে কড়া ভাষায় অবস্থান জানান লুটনিক।
তিনি অভিযোগ করেন, “ভারত তাদের বাজার খুলতে চায় না, রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না, আর ব্রিকস থেকেও সরে আসবে না। যদি ভারত চীন ও রাশিয়ার সঙ্গে মিলে চলতে চায়, চলুক। কিন্তু যদি না পারে, তবে ডলারের পক্ষে দাঁড়াক, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুক, তাদের সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুক। নয়তো প্রস্তুত থাকুক চড়া শুল্কের জন্য।”
বিশ্লেষকদের মতে, ব্রিকস জোটে ভারতের সক্রিয় ভূমিকা এবং রাশিয়ার জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের অসন্তোষই এ হুঁশিয়ারির পেছনে কাজ করছে। বিশ্ব রাজনীতিতে ভারত, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত ঘনিষ্ঠতাও যুক্তরাষ্ট্রকে অস্বস্তিতে ফেলছে।
সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি।