নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
দুর্ঘটনাটি ঘটে যখন তুংগান সুলে থেকে দুগ্গা গ্রামের উদ্দেশ্যে যাত্রা করা নৌকাটি পানির নিচে ডুবে থাকা একটি গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে উল্টে যায়। নাইজারের সরকারি কর্মকর্তা বাবা আরা জানান, এ পর্যন্ত ৬০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১০ জনকে।
শাগুমি জেলার প্রধান সা’আদু ইনুয়া মুহাম্মদ বলেন, “নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল। আমরা এখন পর্যন্ত ৩১টি মরদেহ উদ্ধার করতে পেরেছি। মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।” তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই কয়েকজনকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করা হয়েছে।
নাইজার স্টেট ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, জীবিত উদ্ধার করা হয়েছে ৫০ জনকে, আর নিখোঁজ রয়েছেন অন্তত দু’জন। সংস্থাটি জানায়, অতিরিক্ত যাত্রী বহন ও গাছের গুঁড়িতে ধাক্কা লাগাই এই দুর্ঘটনার মূল কারণ।
নাইজেরিয়ায় প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে, বিশেষ করে বর্ষাকালে। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা বিধি মানা না হওয়া, অতিরিক্ত যাত্রী বহন এবং জরাজীর্ণ নৌযান ব্যবহার এসব দুর্ঘটনার প্রধান কারণ। তারা বলেন, এ ধরনের ট্র্যাজেডি রোধে জরুরি ভিত্তিতে কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম চালানো প্রয়োজন।
এ ঘটনায় এখনও পর্যন্ত জাতীয় পর্যায়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি নাইজেরিয়ার সরকার।
সূত্র: রয়টার্স, আল জাজিরা