শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গেছে আফগানিস্তানের পূর্বাঞ্চল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলের গ্রামের পর গ্রাম গুঁড়িয়ে গেছে, কোনও স্থাপনাই অক্ষত নেই। কেউ কেউ বলেছেন, তাদের গ্রাম এখন সম্পূর্ণ সমান হয়ে গেছে।
বিবিসির সাংবাদিক ইয়ামা বারিজ জানিয়েছেন, তিনি ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করছেন। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তের কাছে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬। নাঙ্গারহার ও কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের আঘাতের ১২ ঘণ্টা পরও উদ্ধারকাজ শেষ হয়নি। কুনার প্রদেশে পাহাড়ি ভূপ্রকৃতি ও সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের কারণে সড়কপথ দুর্ভেদ্য হয়ে পড়েছে। ফলে সেখানে সাহায্য পৌঁছানোর একমাত্র উপায় এখন হেলিকপ্টার।
জালালাবাদ সেন্ট্রাল হাসপাতালে শত শত আহত মানুষকে আনা হচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো এখনও হতাহতদের উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুনারের অনেক গ্রাম প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। ইন্টারনেট সংযোগ সীমিত থাকায় সেখানে যোগাযোগও কঠিন হয়ে পড়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে ৮০০ জনের বেশি নিহত এবং ৩,০০০-এর বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি।