বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এশিয়াতেও এর প্রভাব ভয়াবহ রূপ নিচ্ছে। অতিরিক্ত গরমের কারণে হিমালয়ে বরফ গলছে, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে ঝড়-বৃষ্টি ও মেঘ ভাঙা দেখা যাচ্ছে। চলতি বছর ভারত ও পাকিস্তানে অতিবৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে।
এবার চীনের সাংহাইতেও রেকর্ড গরমের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ৩০ আগস্ট আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, অঞ্চলটিতে টানা ২৫ দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১৯২৬ সালের ২৪ দিনের রেকর্ড ভেঙেছে। পৌর আবহাওয়া ব্যুরোর তথ্য অনুযায়ী, ১৯২৬ সালে ২২ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত শহরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।
চীনের কেন্দ্রীয় উপকূলে অবস্থিত সাংহাই দেশের বৃহত্তম শহর ও আর্থিক কেন্দ্র। গত জুলাই মাসে অনেক অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে বেইজিং ৭৫৪টি প্রদেশ, শহর ও কাউন্টির জন্য উচ্চ তাপ সতর্কতা জারি করে। অন্যদিকে, পূর্ব চীনের জনবহুল অঞ্চলগুলোও ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ অনুভব করছে।
চীনে চলতি বছর কয়েকটি বন্যা ও টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগে ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি।