মার্কিন ফেডারেল অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর ৫৩২ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সংস্থাটিকে বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
এর আগে হোয়াইট হাউস ভিওএ-কে ‘উগ্রপন্থী’ বলে অভিযুক্ত করেছিল। সংস্থার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক জানিয়েছেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাতে, সংস্থার সেবা উন্নত করতে এবং করদাতাদের অর্থ সাশ্রয়ে সহায়ক হবে। তবে কর্মীদের ইউনিয়ন এ পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা প্রায় ৫০টি ভাষায় টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে সংবাদ প্রচার করে।
এর আগে গত জুনে ৬৩৯ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন লেক। তবে কাগজপত্রের ত্রুটি ও কয়েকজন কর্মীর মামলার কারণে তা স্থগিত হয়। শুক্রবার আদালত রায় দেন, ভিওএ পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্তের সময় প্রশাসন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি। একইসঙ্গে আদালত লেককে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভিওএ বন্ধের প্রচেষ্টা ঠেকাতে সংস্থার কিছু কর্মী আদালতে মামলা করেছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, লস এঞ্জেলস টাইমস