পোল্যান্ডের রাডোমে আয়োজিত বিমান প্রদর্শনীর প্রস্তুতিমূলক মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে পাইলটের মৃত্যু হয়েছে। পোজনানের নিকটবর্তী ৩১তম ট্যাকটিক্যাল এয়ার বেস থেকে উড্ডয়নের পরপরই বিমানে আগুন ধরে যায় এবং তা বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাটিতে আছড়ে পড়ার আগে আকাশেই আগুনে জ্বলছিল বিমানটি।
প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিসজ নিহত পাইলটকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন এক সাহসী সেনা কর্মকর্তা, যিনি দেশের প্রতি অবিচল নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছেন। পাশাপাশি, তিনি নিহতের পরিবার ও কাছের মানুষদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার পরপরই রাডোম বিমান প্রদর্শনীর মহড়া স্থগিত করা হয় এবং উদ্ধারকাজ শুরু হয়। যদিও দুর্ঘটনায় কোনো সাধারণ নাগরিক আহত হয়নি, তবুও সামরিক বাহিনীর জন্য এটি একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা।