ভারতের সঙ্গে রাশিয়ার জ্বালানি বাণিজ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র দিল্লির ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে—ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র থেকে উপার্জিত ডলার ব্যবহার করে ভারত সস্তায় রুশ অপরিশোধিত তেল কিনছে, সেটি শোধন করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে এবং সেই অর্থ রাশিয়ার যুদ্ধ মেশিনে ঢুকছে।
নাভারোর দাবি অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশীদারিত্ব ছিল প্রায় নেই বললেই চলে—মাত্র ১ শতাংশের নিচে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ শতাংশে। তাঁর মতে, ভারত এখন রাশিয়ার কার্যত “তেল শোধনাগার”, যেখানে প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি শোধিত তেল বিদেশে রপ্তানি করা হচ্ছে।
মার্কিন বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা ইউক্রেনকে অস্ত্র দিচ্ছি, আর ভারত রাশিয়ার অর্থ যোগান দিচ্ছে। ভারতের উচ্চ শুল্ক আমাদের রপ্তানিকারকদের ক্ষতিগ্রস্ত করছে। দুই দেশের বাণিজ্য ঘাটতি এখন ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।”
ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো আরও তীব্র ভাষায় বলেন, “এটা শুধু পুতিনের যুদ্ধ নয়, এটা মোদির যুদ্ধও।” তাঁর মতে, ভারতীয় ক্রেতারা রুশ তেলের মাধ্যমে মস্কোর যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে, আর এর খেসারত দিচ্ছে আমেরিকার সাধারণ ভোক্তা, ব্যবসায়ী ও শ্রমিকেরা।
অন্যদিকে ভারত অভিযোগগুলো প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। যে দেশ থেকে সবচেয়ে সস্তায় তেল পাওয়া যাবে, সেখান থেকেই কেনা হবে রাশিয়াও এর ব্যতিক্রম নয়।