দক্ষিণ-পূর্ব আমাজন অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে টানা তিন দিন ধরে আটকে রাখা ৩৩ জন কলম্বিয়ান সেনাকে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির ন্যায়পাল কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার গেরিলাদের সঙ্গে সেনাদের সংঘর্ষের পর এ ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীরা সৈন্যদের পলায়ন ঠেকাতে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। এর ফলে সেনারা কয়েক দিন ধরে ওই এলাকায় কার্যত বন্দিদশায় ছিলেন। গুস্তাভো পেট্রোর নেতৃত্বাধীন কলম্বিয়ান সরকার এ ঘটনাকে সরাসরি অপহরণ হিসেবে আখ্যায়িত করেছে।
ন্যায়পাল কার্যালয়ের মানবাধিকার বিভাগের প্রধান আইরিস মেরিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, সৈন্যরা এখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন এবং তারা নিরাপদ আছেন।
সূত্র: দ্য নিউজিল্যান্ড হেরাল্ড, ফ্রান্স২৪।