থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে দেশের সাংবিধানিক আদালত শুক্রবার পদচ্যুত করেছে। এই রায় এসেছে সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপকে কেন্দ্র করে, যেখানে পেতংতার্ন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে কথা বলেছিলেন।
ফোনালাপটি ১৫ জুনের, যখন দুই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। আলাপের সময় পেতংতার্ন হুন সেনকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেছেন এবং সীমান্তে নিহত কম্বোডীয় সেনাদের প্রসঙ্গে নিজের দেশের সেনাদের সমালোচনা করেছেন। তিনি হুন সেনকে বলেছেন, “আপনি যা চাইবেন, বলুন, আমি ব্যবস্থা নেব।” এই মন্তব্যগুলোই আদালতে মামলা গঠনের মূল কারণ হিসেবে বিবেচিত হয়।
ফোনালাপ ফাঁস হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমালোচকরা দাবি করেছেন, পেতংতার্ন দেশের স্বার্থ ক্ষুণ্ন করেছেন। যদিও প্রধানমন্ত্রী জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলেছেন, তাঁর মন্তব্য ছিল কূটনৈতিক উত্তেজনা প্রশমনের প্রয়াস।
পদচ্যুতির পর থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায় শুরু হয়েছে। সিনাওয়াত্রা পরিবারের অনেক সদস্য আগেও সরকারের শীর্ষ পদে ছিলেন, যেমন থাকসিন সিনাওয়াত্রা, ইয়িংলক সিনাওয়াত্রা এবং সোমচাই ওয়ংসাওয়াট।
ফিউ থাই পার্টি এবার সংসদে নতুন প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবে। সম্ভাব্য একমাত্র প্রার্থী হতে পারেন প্রাক্তন ন্যায়েরমন্ত্রী চাইকাসেম নিটিসিরি, তবে পার্টির জোট অংশীদারদের ভোট নিশ্চিত কিনা তা এখন অনিশ্চিত।
এর আগে, ভুমজাইথাই পার্টির নেতা অনুতিন চারনভিরাকুল ফোনালাপ ফাঁসের কারণে জোট ছেড়ে দেন এবং পদত্যাগ করেন। নতুন প্রার্থী না আসার পরিস্থিতিতে আবারও নির্বাচনের সম্ভাবনা তৈরি হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, সিনাওয়াত্রা পরিবারের রাজনৈতিক প্রভাব এখনও শক্তিশালী, তবে পদচ্যুতির কারণে তাদের জনপ্রিয়তা ও প্রভাব সংকটের মুখোমুখি হয়েছে।
সূত্র: সিএনএন।