জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) দীর্ঘ বিরতির পর ইরানে আবারও পর্যবেক্ষক দল পাঠিয়েছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিশ্চিত করেছেন, একটি দল তেহরানে পৌঁছেছে এবং স্থগিত হওয়া কার্যক্রম পুনরায় শুরু করবে।
এই বছরের শুরুতে ইসরায়েলি ও মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনায় এটিই প্রথম পর্যবেক্ষক প্রবেশ। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আইএইএ’র সঙ্গে সহযোগিতা পুনরায় চালুর বিষয়ে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি।
গত জুনের ইসরায়েল-গাজা যুদ্ধের পর ভিয়েনা ভিত্তিক সংস্থাটির সঙ্গে সম্পর্ক স্থগিত করেছিল তেহরান। ইরানের অভিযোগ ছিল, পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে আইএইএ নীরব থেকেছে।
মঙ্গলবার জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনার সময় এই ঘোষণা আসে। তেহরান চাইছে ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষায় ইউরোপীয় ত্রয়ী নতুন নিষেধাজ্ঞা আরোপ না করে কূটনীতিকে সুযোগ দিক। তবে ইউরোপীয় দেশগুলো আগস্টের শেষ নাগাদ ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করার হুমকি দিয়েছে।
গ্রোসি জানান, ইরানে একাধিক স্থাপনা রয়েছে—কিছু ক্ষতিগ্রস্ত, কিছু অক্ষত। তাই সেগুলোতে পর্যবেক্ষণ কার্যক্রম কিভাবে পুনরায় শুরু করা যায়, তা নিয়ে এখন আলোচনা চলছে।
ইসরায়েল দাবি করছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে ঠেকাতেই তারা হামলা চালিয়েছে। কিন্তু ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। ২০১৫ সালের চুক্তি ভেঙে দেয়ার পর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেই দেশটির সঙ্গে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, আরব নিউজ, ইরান ইন্টারন্যাশনাল।