মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ব্যাপক অনুপ্রবেশের আট বছর পূর্ণ হলো। এই সময়ে পশ্চিমা বিশ্বের ১১টি দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতি জানিয়েছে।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-নীতির কারণে রাখাইনের লাখো রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে ১১ লাখেরও বেশি শরণার্থী কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পে অবস্থান করছে। এখনও থেমে থেমে নতুন আগমন ঘটছে। চলমান দুর্দশার মধ্যেও রোহিঙ্গাদের অটল মনোবলকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, রাখাইনের বর্তমান মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় সংকট সমাধান কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশগুলো। কারণ তারা শুধু আশ্রয়ই দেয়নি, বরং নতুন আগতদের জীবনরক্ষাকারী সহায়তাও অব্যাহত রেখেছে।
রোহিঙ্গাদের মূল আকাঙ্ক্ষা মিয়ানমারে ফিরে যাওয়া। তবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি। সীমান্তপারে হাজারো রোহিঙ্গা এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, সংকট নিরসনের জন্য মিয়ানমারে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলাই জরুরি। তাই ফেরত যাওয়ার নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা সম্ভব নয়।
পশ্চিমা দেশগুলো মিয়ানমার সেনা সরকার ও সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানিয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।
আগামী সেপ্টেম্বরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দীর্ঘমেয়াদে টেকসই সমাধান খুঁজে বের করা জরুরি। মানবিক তহবিল কমে আসায় আত্মনির্ভরশীলতা বাড়ানো এবং ভবিষ্যতে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীকেও সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়েছে।
বিবৃতিতে রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের বিষয়টিও গুরুত্ব পেয়েছে, যাতে তারা বাংলাদেশে অবস্থানকালে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে পারে। আট বছর পরও আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ ও রোহিঙ্গাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা দেশগুলো।