ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীনতা দিবসে বলেছেন, তার দেশকে কখনোই আপসের নামে চাপের মুখে ফেলা যাবে না। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, রবিবারের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, “ইতিহাস আর কখনো ইউক্রেনকে সেই লজ্জার মুখোমুখি হতে দেবে না, যা রাশিয়া ‘আপস’ নামে আখ্যায়িত করে। আমাদের প্রয়োজন ন্যায্য ও টেকসই শান্তি, এবং আমাদের ভবিষ্যৎ আমরা নিজেই ঠিক করব।”
জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ স্বীকার করছে যে কিয়েভ পুরোপুরি জয়ী হয়নি, তবে রাশিয়ার দাবির মতো ইউক্রেন পরাজিতও হয়নি। তিনি বলেন, “ইউক্রেন তার স্বাধীনতা রক্ষা করেছে। আমরা ভুক্তভোগী নই, বরং এক যোদ্ধা রাষ্ট্র। আমরা সাহায্য চাই না, বরং প্রস্তাব দেই। আমাদের লক্ষ্য দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য শান্তি।”
প্রেসিডেন্টের ভাষণে ইউক্রেনের স্বাধীনতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী, সমান মর্যাদার এবং স্বাধীন ইউক্রেন গড়ার গুরুত্বও জোর দিয়ে বলা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কিয়েভে পৌঁছেছেন। তিনি বলেন, “ইউক্রেনের স্বাধীনতা দিবসে এবং সংকটময় সময়ে কানাডা তাদের পাশে রয়েছে। আমরা ইউক্রেনকে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে সহায়তা অব্যাহত রাখব।” ভিডিও বার্তায় কার্নি ইউক্রেনের প্রতি কানাডার সমর্থনকে “অটল” হিসেবে বর্ণনা করেছেন।
সূত্র: আনাদোলু।