যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, শহরের অপরাধ দমন কার্যক্রমের জন্য প্রয়োজনে ন্যাশনাল গার্ডকে ব্যবহার করা হবে।
ট্রাম্পের এই ঘোষণা মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর ওয়েস মুর-এর সঙ্গে দ্বন্দ্ব আরও তীব্র করে তুলতে পারে। কয়েক দিন আগে গভর্নর মুর ট্রাম্পকে শহরের নিরাপত্তা পদযাত্রায় (‘সেফটি ওয়াক’) অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, “ওয়েস মুরের সাহায্যের প্রয়োজন হলে, যেমন লস অ্যাঞ্জেলেসে গ্যাভিন নিউসমের সময় হয়েছে, আমি সেনা পাঠাবো এবং দ্রুত অপরাধ দমন নিশ্চিত করব।”
দেশের ভেতরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের ব্যবহার নিয়ে বিতর্ক চলছে। ডেমোক্র্যাট নেতারা এটিকে ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন। তবে ট্রাম্প বলছেন, শহরে সেনা মোতায়েনের উদ্দেশ্য শুধুমাত্র অপরাধ দমন।
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যে প্রায় ১,৭০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সম্ভাবনা রয়েছে।
সূত্র: এনবিসি নিউজ, সিবিএস নিউজ, বিবিসি, এপি।