শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার কলম্বোর সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার পরই তাকে আটক করা হয়। স্থানীয় গণমাধ্যম আদা দেরানা–এর তথ্য উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে তার স্ত্রীর স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে লন্ডনে গিয়েছিলেন। এ সফর ঘিরেই সরকারি অর্থের অপব্যবহার সম্পর্কিত তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ওই সময়ই তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। রয়টার্স বিক্রমাসিংহের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি।
বহু অভিজ্ঞ এই রাজনীতিবিদ ও আইনজীবী রনিল বিক্রমাসিংহে ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তীব্র অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করলে, তার পর বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব নেন।
ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার শুরু ১৯৭৮ সালে, যখন তিনি প্রেসিডেন্ট জুনিয়াস জয়াবর্ধনের মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী হন। ১৯৯৪ সালে দলের শীর্ষ নেতৃত্ব নিহত হওয়ার পর তিনি ইউএনপির নেতৃত্ব গ্রহণ করেন। বিশ্লেষকদের মতে, এই গ্রেপ্তার দেশটির রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।