শান্তি আলোচনা চলার সময়েই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। একরাতে দেশটির আকাশে ছয় শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইউক্রেনের বিমান বাহিনীর বরাতে বৃহস্পতিবার জানানো হয়, রুশ বাহিনী ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। তবে প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, এর মধ্যে ৫৪৬টি ড্রোন ও ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে।
অন্যদিকে, আলাস্কায় অনুষ্ঠিত সাম্প্রতিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পুরো ডোনবাস অঞ্চল দাবি করেছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত এই অঞ্চলটি ডোনেটস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত। বর্তমানে লুহানস্ক প্রদেশ প্রায় পুরোপুরি রুশ নিয়ন্ত্রণে থাকলেও ডোনেটস্কের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু শহর এখনও ইউক্রেনের দখলে রয়েছে।
পুতিনের শর্ত ইউক্রেন বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজির জরিপেও দেখা গেছে, দেশটির প্রায় ৭৫ শতাংশ নাগরিক রাশিয়ার কাছে কোনও অঞ্চল ছাড় দিতে নারাজ। ফলে ডোনবাস ইস্যুই শান্তি আলোচনার প্রধান অচলাবস্থায় পরিণত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ডোনেটস্ক অঞ্চল রাশিয়ার দীর্ঘদিনের প্রধান লক্ষ্যবস্তু। ২০১৪ সালে প্রথমবারের মতো এ এলাকায় প্রভাব বিস্তার শুরু করে মস্কো। পরবর্তীতে ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসনের পর অঞ্চলটির বড় অংশের নিয়ন্ত্রণ নেয় তারা। বর্তমানে ৪৬ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার আয়তনের ডোনবাসের প্রায় ৮৮ শতাংশই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে লুহানস্ক পুরোপুরি এবং ডোনেটস্কের এক-তৃতীয়াংশ তাদের দখলে।
সূত্র: মস্কো টাইমস, কিয়েভ পোস্ট, কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট।